তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
খুব দ্রুত দশম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাংলাদেশ গেজেটে প্রকাশ হয়েছে। সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য দেখা দেওয়ায় নবম সংবাদপত্র মজুরি বোর্ড কার্যকর হয়নি। বর্তমানে নবম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে ছয়টি রিট/সিভিল পিটিশন চলমান আছে।
রোববার সংসদের বৈঠকে জামায়াতের সদস্য শেখ মনজুরুল হক রাহাদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এসব কথা বলেন। এর আগে, বিকেল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।
বিএনপি দলীয় সদস্য মোহাম্মদ আলি আসগারের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনভাবে সাংবাদিকতা করার লক্ষ্যে ১৯৭৪ সালে প্রণীত প্রেস কাউন্সিল অ্যাক্ট যুগোপযোগী করিয়া প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করিবার জন্য আইনটি সংশোধন করার কার্যক্রম চলমান আছে।
তিনি আরও বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পেশাগত কাজ করিতে অক্ষম বা অসমর্থ, শারীরিক বা মানসিকভাবে অসুস্থ ও চিকিৎসার ব্যয় নির্বাহে অসমর্থ সাংবাদিকদের এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুযোগ-সুবিধা প্রদান করিবার কার্যক্রম চলমান আছে।
চাঁদপুর-২ আসনের সদস্য জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল চারটি। ৫৫টি বেসরকারি টিভি চ্যানেল অনুমোদন পেলেও পূর্ণ সম্প্রচারে বেসরকারি টিভি চ্যানেল ৩৭টি। নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের অপেক্ষাধীন নেই। ভবিষ্যতে নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামায়াতের সদস্য আবদুল আলীমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশি্চতকরণ ও ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশের খবর/এইচআর

