Logo

গণমাধ্যম

ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ২১:২৫

ঈদুল আজহায় সংবাদপত্রে ছুটি ৫ দিন

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সংবাদপত্রগুলোতে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। 

সোমবার (১৮ মে) সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি পালন করা হবে। এই ছুটির কারণে আগামী ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না। তবে ১ জুন থেকে যথারীতি পত্রিকাগুলো আবারও বাজারে আসবে।

অন্যদিকে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এবার ঈদে টানা সাত দিনের ছুটির ঘোষণা আগেই দিয়েছে সরকার। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাহী আদেশে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা করায় এবারের ঈদের ছুটি ২৫ মে থেকে শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে। ফলে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস এই সময়ে বন্ধ থাকবে।

দীর্ঘ এই ছুটি সমন্বয় করতে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে জরুরি সেবাসমূহ যেমন- হাসপাতাল, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস ও ইন্টারনেট পরিষেবা এই ছুটির আওতামুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে নোয়াবের সব সদস্যকে বিষয়টি অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) জিলহজ মাসের ১০ তারিখ পূর্ণ হওয়ায় ওইদিন বাংলাদেশে ঈুদল আজহা উদযাপিত হবে।

আজ বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে। পরে সেটি সংবাদ মাধ্যমকে জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

ধর্মমন্ত্রী বলেন, আগামীকাল ১৯ মে থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সেই প্রেক্ষিতে আগামী ১০ হিজরি, ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন