Logo

গণমাধ্যম

অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৫:৫৭

অবিলম্বে ১০ম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতৃবৃন্দের

দেশের সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক এবং সংবাদকর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ সরকারের কাছে এ দাবি জানান।

ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বক্তব্য রাখেন।

আলোচনা সভায় 'জুলাই অভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

আলোচনা সভায় ডিইউজের যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম বলেন, ‘২০০৭ সালের বিতর্কিত ১/১১ থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দীর্ঘ সময় দেশে আইনের শাসন, সুশাসন, ভোটাধিকার এবং স্বাধীন সাংবাদিকতা নিশ্চিতসহ মানুষের আত্মমর্যাদা ও অধিকার আদায়ে সাংবাদিক ইউনিয়ন ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।

এই ধারাবাহিক লড়াইয়ের মধ্য দিয়েই চব্বিশের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন গড়ে ওঠে, যার ফলশ্রুতিতে ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। আন্দোলনে ভূমিকা রাখা ত্যাগী ও বেকার সাংবাদিকদের উপযুক্ত মূল্যায়ন করা এখন সময়ের দাবি।’

দশম ওয়েজবোর্ড গঠনের যৌক্তিকতা তুলে ধরে তিনি আরও বলেন, ‘২০১৯ সালে ঘোষিত নবম ওয়েজবোর্ডটি তৎকালীন সরকার অত্যন্ত বিতর্কিতভাবে জারি করেছিল। এরপর দীর্ঘ ৮ বছর অতিবাহিত হয়ে গেছে। পূর্বের ওয়েজবোর্ডের মেয়াদ অনেক আগেই শেষ হলেও সাংবাদিকরা নতুন বেতন কাঠামো থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতিতে দশম ওয়েজবোর্ড দ্রুত ঘোষণা করা অত্যন্ত জরুরি।’

তিনি জোর দিয়ে বলেন, দশম ওয়েজবোর্ড বাস্তবায়নের মাধ্যমেই সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা ও আর্থিক সুবিধা নিশ্চিত হবে, যা একটি স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম গড়ে তোলার জন্য অপরিহার্য।

অনুষ্ঠানে দশম ওয়েজবোর্ড গঠন ও ঘোষণা করে সাংবাদিক ও সংবাদকর্মীদের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণ করার আহ্বান জানান বিএফইউজের সহ-সভাপতি মুহাম্মদ খায়রুল বাশার।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল ও যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার।

এছাড়াও ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ এবং ডিইউজের সহ-সভাপতি রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক সাঈদ খানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা দশম ওয়েজবোর্ড দ্রুত ঘোষণা করে সাংবাদিক সমাজের দীর্ঘদিনের ন্যায্য দাবি পূরণে তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন