Logo

গণমাধ্যম

‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন জিটিভির মাহমুদ সোহেল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড’ পেলেন জিটিভির মাহমুদ সোহেল

ছবি: সংগৃহীত

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৬’ পেয়েছেন গাজী টেলিভিশনের (জিটিভি) বার্তা সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল)। তিনি পরিবেশবাদী সংগঠন মেরিন জার্নালিস্ট নেটওয়ার্কের (এমজেএন) সাবেক সভাপতি।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়। পরিবেশ সাংবাদিকতায় অবদানের জন্য প্রতিবছর বিশিষ্ট নাগরিক হিসেবে এই সম্মাননা দেয়া হয়। 

‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান।

বিশেষজ্ঞ আলোচক হিসেবে বক্তব্য দেন নলেজ হাব ইনস্টিটিউট ট্রাস্টের চেয়ারম্যান ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফরহাদুর রেজা, জাস্ট এনার্জি ট্রানজিশন (অ্যাকশনএইড বাংলাদেশ)-এর ম্যানেজার মো. আবুল কালাম আজাদ এবং সাসটেইনেবল রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নগর পরিবেশবিদ আবু জোবায়ের।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির, মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী প্রধান আহসান রনি, সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের মহাসচিব মহসিন সিকদার পাভেল, দ্য আম্পায়ার বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান হোসাইন বাবু, মাতৃভূমি গ্রুপের অর্থ পরিচালক মো. ফিরোজ আলম এবং বিএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম রবি।

অনুষ্ঠানে পরিবেশ সচেতনতা তৈরিতে বিশেষ অবদানের জন্য সাতটি প্রতিষ্ঠান ও বিশিষ্ট নাগরিককে ‘জাতীয় অ্যাওয়ার্ড গ্রিনম্যান-২০২৬’ প্রদান করা হয়। তাদের মধ্যে গণমাধ্যমে পরিবেশ ও জলবায়ু বিষয়ক জনসচেতনতা তৈরিতে অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পান জিটিভির বার্তা সম্পাদক মাহমুদ সোহেল।

প্রায় ২৩ বছরের সাংবাদিকতা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রিপোর্টিংয়ের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন মাহমুদ সোহেল। রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন ও ডিজিটাল— প্রায় সব ধরনের গণমাধ্যমে কাজ করেছেন তিনি। দিগন্ত টিভি, এসএটিভি, এটিএন নিউজ ও আজকের পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশ টিভির অনলাইন ইনচার্জ এবং জিটিভির ডিজিটাল প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকতা জীবনে অনুসন্ধানী ও জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন করতে গিয়ে বিভিন্ন সময়ে মামলা, হয়রানি ও নানা ধরনের চাপের মুখে পড়েছেন মাহমুদ সোহেল। দুর্নীতিবিষয়ক সংবাদ প্রকাশের জেরে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির করা মামলায় একাধিকবার রংপুর আদালতে হাজিরা দিতে হয়েছে তাকে।

নানা প্রতিকূলতা ও পেশাগত চ্যালেঞ্জের মধ্যেও মাঠপর্যায়ে কাজ এবং সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অবস্থান থেকে সরে আসেননি তিনি। সহকর্মীদের কাছে মাহমুদ সোহেল একজন সাহসী, সৎ ও আপসহীন সাংবাদিক হিসেবে পরিচিত।

বর্তমানে জিটিভির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। ঢাকাস্থ যশোর সাংবাদিক ফোরামের আহ্বায়কও তিনি।

দীর্ঘ সাংবাদিকতা জীবনের সংগ্রাম ও পরিবেশ সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘গ্রিনম্যান-২০২৬’ প্রাপ্তিকে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন সহকর্মীরা।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন