Logo

জাতীয়

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নেতৃত্বে নাহিদ-আখতার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৮

অ
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, নেতৃত্বে নাহিদ-আখতার

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হয়েছেন আখতার হোসেন।  

শুক্রবার সন্ধ্যা ৬টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। কমিটির নাম ঘোষণা করেন শহীদ রাব্বির বোন। 

শীর্ষ ১০ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন- আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক : সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব : তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক : হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

পরে সদস্য সচিব আখতার হোসেন জাতীয় নাগরিক কমিটির  আংশিক কমিটি ঘোষণা করেন।

এর আগে বিকেল ৪টা ২০মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। এরপর একে একে পাঠ করা হয় গীতা, ত্রিপিটক ও বাইবেল। পরে পরিবেশন করা হয় জাতীয় সংগীত। সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। 

মঞ্চে ডাকা হয় জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের। একে একে মঞ্চে ওঠে আসেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, নাসির উদ্দিন পাটোয়ারীসহ অনেকে।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

এসআইবি/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন