পদত্যাগ নিয়ে জামিল আহমেদের কিছু কথা ‘ডাহা মিথ্যা’ : সংস্কৃতি উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৩:২৫
বাংলাদেশ শিল্পকরা একাডেমির মহাপরিচালক পদ থেকে ড. সৈয়দ জামিল আহমেদের নাটকীয় পদত্যাগের কারণ নিয়ে বলা বক্তব্যকে ‘পুরো সত্য নয়’, ‘ডাহা মিথ্যা’ এবং ‘পরিস্থিতি ডিল করতে না পারার হতাশা’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
শনিবার (১ মার্চ) দুপুরে মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন।
তিনি লিখেছেন, জামিল আহমেদের করা বেশ কিছু মন্তব্য ‘পুরো সত্য নয়’, কিছু ‘ডাহা মিথ্যা’ এবং কিছু কথা ‘পরিস্থিতি ডিল করতে না পারার হতাশা থেকে’ এসেছে।
উপদেষ্টার মতে, ভালো শিল্পী হওয়া এবং সরকারি প্রতিষ্ঠান পরিচালনার দক্ষতা অর্জন করা সম্পূর্ণ আলাদা বিষয়। তিনি বলেন, ‘দ্বিতীয় কাজটা করবার জন্য লাগে ধৈর্য এবং ব্যবস্থাপনার সক্ষমতা। সহকর্মীদের বুলিং না করে ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে অনেক কাজ আদায় করা যায়।’
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন যে, সৈয়দ জামিল আহমেদকে তিনি শ্রদ্ধা করেন এবং তার সৃজনশীল কাজে সবসময় সহায়তা করতে চান। তবে তিনি স্পষ্টভাবে জানান, পরিস্থিতির কারণে তাকে সত্য বলতে হচ্ছে, যা জামিল আহমেদের জন্য বিব্রতকর হতে পারে।
এ প্রসঙ্গে উপদেষ্টা জানান, ‘আমি জামিল ভাইয়ের নাটকীয় পদত্যাগ নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কারণ তাতে আমাকে এমন কিছু রেফারেন্স টানতে হবে যেটা তার জন্য অস্বস্তিকর হবে।’ তবে তিনি বলেন, ‘ফর দ্য রেকর্ড, আমাকে আসলে এগুলো বলতেই হবে।’
সংস্কৃতি উপদেষ্টা তার স্ট্যাটাসের শেষে লেখেন, আমি উনার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। উনার সৃজনশীল কাজে যেকোনো ভাবে সহযোগিতা করতে পারলে মন্ত্রণালয় ধন্য হবে। আর আমি আমার দায়িত্ব ছেড়ে যাওয়ার পরও তাঁর কোনো সাহায্যে আসলে আনন্দিত হবো, যদিও আমাদের দুইজনের কাজের ক্ষেত্র আলাদা।
এর আগে, শিল্পকলা একাডেমির কাজে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) পদ থেকে পদত্যাগ করেন নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতার সময় তিনি পদত্যাগের কথা জানান এবং মঞ্চে বসা সচিবের কাছে পদত্যাগপত্র দেন।

