Logo

জাতীয়

পুলিশের নজরদারিতে ১৪৪৬ ডাকাত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৮:৫৬

অ
পুলিশের নজরদারিতে ১৪৪৬ ডাকাত

সড়ক ও মহাসড়কে ডাকাতি বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ পদক্ষেপ নিয়েছে। হাইওয়ে পুলিশ তালিকাভুক্ত ১ হাজার ৪৪৬ জন ডাকাতের ওপর নজরদারি শুরু করেছে। এরই মধ্যে বিভিন্ন জেলা ও থানাকে অভিযুক্তদের নাম-পরিচয় জানিয়ে দেওয়া হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, তালিকাভুক্ত অধিকাংশ ব্যক্তি আগেও ডাকাতির সঙ্গে যুক্ত ছিল। জামিনে মুক্তি পাওয়ার পর অনেকে পুনরায় এ অপরাধে জড়িয়ে পড়ছে। পুলিশ মহাসড়কে ডাকাতির পেছনের কারণগুলো চিহ্নিত করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে।

রমজান মাসকে কেন্দ্র করে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হলে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা গণমাধ্যমকে বলেন, সম্প্রতি মহাসড়কে বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটেছে। অনেক ডাকাত ও সন্ত্রাসী জামিনে মুক্ত হয়েছে। আমরা ১ হাজার ৪৪৬ জন ডাকাতের একটি তালিকা তৈরি করেছি। এরা বিভিন্ন সময়ে মহাসড়কে ডাকাতি করেছে। ইতোমধ্যে জেলা পুলিশসহ বিভিন্ন ইউনিটকে এ তালিকা সরবরাহ করা হয়েছে। যাতে তাদের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালানো যায়।

জনবল সংকটের কথা স্বীকার করে তিনি আরও বলেন, আমাদের প্রয়োজনের তুলনায় জনবল কম। তাই কিছু এলাকায় জেলা পুলিশ মহাসড়কের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। এছাড়া ডাকাতরা পুলিশের দায়িত্ব বদলের সময়টিকে কাজে লাগাচ্ছে। বিশেষ করে সকাল ৬টায় দায়িত্ব বদলের সময় তারা হামলা চালাচ্ছে। 

হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় পরপর দুটি ঘটনায় এটি দেখা গেছে। তাই দায়িত্ব বদলের সময় একঘণ্টা পিছিয়ে সকাল ৭টা করা হয়েছে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন