জুলাই আন্দোলন
আহতদের হাতে স্মার্ট কার্ড তুলে দিলেন সিইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৩:২৬
জুলাই আন্দোলনে আহত ১৩ যোদ্ধার হাতে স্মার্ট কার্ড তুলে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রোববার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই স্মার্ট কার্ড হস্তান্তর করা হয়।
এর আগে নির্বাচন কমিশনের উদ্যোগে জুলাই আন্দোলনে আহতদের সম্মান জানিয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর)-এ চিকিৎসাধীন ১৩ জনকে আয়োজনে আমন্ত্রণ জানানো হয়।
ভোটার দিবসের উদ্বোধনকালে সিইসি জানান, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন এবং মহিলা ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন।
এ বছর ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’ প্রতিপাদ্যে সপ্তম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করছে নির্বাচন কমিশন।
এসআইবি/এটিআর

