সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষ কমিশনের দিকে তাকিয়ে আছে : সিইসি
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৩:৪৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য মানুষ নির্বাচন কমিশনের দিকে তাকিয়ে আছে। আগের নির্বাচন কমিশনের উপর মানুষের এমন প্রত্যাশা ছিল না। মানুষ ধরেই নিত ভোট দিতে পারবে না। কিন্তু এখন মানুষের প্রত্যাশা অনেক বেড়ে গেছে। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়।
রোববার (২ মার্চ) সপ্তম জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোট নাগরিকের যতটুকু না অধিকার তারচেয়ে বেশি দায়িত্ব। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দল বিপরীতমুখী অবস্থান করছে। রাজনৈতিক দলগুলোর মতবিরোধ গণতান্ত্রিক দেশের সৌন্দর্য। জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলো একটা সময় ঐক্যমতে আসবে।
তিনি আরও বলেন, আমাদের নির্বাচন কমিশনের কারও ব্যক্তিগত কোন এজেন্ডা নেই। আমাদের এজেন্ডা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনে ভোট সন্ত্রাস করে আপাতত দৃষ্টিতে জয়ী হওয়া যায়। কিন্তু এমন জয় দেশ ও দলের জন্য ক্ষতি ডেকে আনে। তাই কেউ ভোট সন্ত্রাস করার চেষ্টা করবেন না।
আলোচনা সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার-আব্দুর রহমান রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগে. জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
এর আগে সকালে জাতীয় ভোটার দিবস উদ্বোধনকালে প্রধান নির্বাচন কমিশনার জানান, এবার দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং মহিলা ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেবো মিলেমিশে’-এ প্রতিপাদ্য নিয়ে সপ্তম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করেছে নির্বাচন কমিশন।
এসআইবি/এমএইচএস

