Logo

জাতীয়

রোজায় সংযমী হওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৯:৪২

অ
রোজায় সংযমী হওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

রমজানে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রাজধানীতে একটি কার শো রুমে দলবদ্ধ হামলা, দুই নারীর ওপর হামলা ও পণ্যের মুল্যবৃদ্ধিতে ব্যবসায়ী সিন্ডিকেটের বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।  

রোববার (২ মার্চ) রাজধানীর মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পরিদর্শনে যান তিনি। সেখানে পরিদর্শন শেষে তিনি বলেন, পিওএমে গ্যাস সংযোগ থাকলেও পুলিশ সদস্যদের লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে। সংযোগ থাকলেও এখানে গ্যাসের চাপ একেবারেই কম। তাদের সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গ্যাসের সমস্যাই এখানে বেশি। সমস্যা সমাধানে তিনি জ্বালানি উপদেষ্টা সঙ্গে কথা বলবেন বলে জানান। 

আগে র‌্যাব ও ডিএমপির পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে বাজারে অভিযান পরিচালনা করা হতো। তখন সিন্ডিকেট মাথা নোয়াতে বাধ্য হতো। এখন কেন হচ্ছে না সেটি- এমন প্রশ্নে তিনি বলেন, ব্যবসায়ীরা যেন পণ্যের দাম অহেতুক বৃদ্ধি না করে সে ব্যাপারে মিডিয়ার মাধ্যমে আমরা বলছি। তবে অতীতের চেয়ে এবার পণ্যের দাম এখনো কম আছে। ব্যবসায়ীদের উদ্দেশ্য করে দাম বৃদ্ধি না করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, যে দুই নারীর ওপর হামলার ঘটনা বলা হচ্ছে, আমি সেটা নিয়ে খোঁজ নিয়েছি। ওই নারীরা দুই জনই সিগারেট খাচ্ছিল। পুরুষরা নামাজে যাচ্ছিল। এ সময় তাদের সঙ্গে তর্কবিতর্কের ঘটনা ঘটে। রমজানে এভাবে প্রকাশ্যে সিগারেট খাওয়া ঠিক নয়। কারণ এটিও একটি অফেন্স। তাই আমি সবাইকে রোজায় সংযমী হওয়ার আহ্বান জানাব।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন