কুসিকের সাবেক মেয়র সূচনার ফ্ল্যাট জব্দ, ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
আদালত প্রতিবেদক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৫:৩৫
তাহসীন বাহার সূচনা। ছবি : সংগৃহীত
দুদকের আবেদনে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নয়টি ব্যাংক হিসাবের ৩ কোটি ৩ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৩২ লাখ টাকা মূল্যের জমিসহ ১৪৭৪ বর্গফুটের ফ্ল্যাট জব্দের আদেশও দেওয়া হয়।
সোমবার (৩ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহীম মিয়া এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আবেদনে আরও বলা হয়, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার কুমিল্লার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন পূর্বক দখলে রেখেছেন।
তার নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা, তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ এর ৫(২) ধারায় তার বিরুদ্ধে মামলা হয়।
তদন্তকালে আসামি তাহসীন বাহার কর্তৃক অর্জিত সকল সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যায়নি। তবে এখন পর্যন্ত প্রাপ্ত তার সম্পদ যাতে তিনি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তর করতে না পারেন তার জন্য স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।
এরআগে, গত ১১ নভেম্বর আদালত সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুনন্নেছা, মেয়ে তাহসীন বাহার সূচনা ও ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।
জেএন/এমআই

