পাট পণ্য নিয়ে সৃজনশীল পরিকল্পনায় বাজেট বরাদ্দে আশ্বাস উপদেষ্টার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৬:১৮
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, পাট পণ্য নিয়ে সৃজনশীল পরিকল্পনা দিলে কাজের জন্য বাজেটের সমস্যা হবে না।
বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত ‘বহুমুখী পাটপণ্য ও তাঁত বস্ত্র মেলা ২০২৫’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সৃজনশীল ও বাস্তবসম্মত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘আপনারা আমাকে পরিকল্পনা দেন, অবশ্যই সেটা যেন গাছের নিচে দাঁড়িয়ে আম খাওয়ার মতো হয়। এটা যেন না হয় যে গাছের উপরে বসে আম পাড়া—যেটা আমি গ্রহণ করবো না। আপনারা সুষ্ঠু ও পরিকল্পিত সৃজনশীল বিষয় আনুন, আমি বাজেট দেব, কোনো সমস্যা নেই।’
তার বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে, যেকোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বাস্তবসম্মত ও সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি নতুন ও উদ্ভাবনী ধারণাকে স্বাগত জানিয়ে বলেন, পরিকল্পনার গুণগত মান নিশ্চিত করা গেলে বাজেট বরাদ্দে কোনো প্রতিবন্ধকতা থাকবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ। তিনি পাট ও তাঁত শিল্পের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।
১০ মার্চ পর্যন্ত চলবে এই মেলা, যেখানে তাঁত ও পাটজাত বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য প্রদর্শিত হচ্ছে। আয়োজকরা আশা করছেন, মেলাটি পাট ও তাঁত শিল্পের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের চাহিদা বাড়াতে সহায়ক হবে।
জেসি/এমএইচএস

