Logo

জাতীয়

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের শ্যালক ৩ দিনের রিমান্ডে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ১৯:০৪

অ
সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানের শ্যালক ৩ দিনের রিমান্ডে

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার শ্যালক হারিচুর রহমান সোহানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (৬ মার্চ) খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহান ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তাকে ১৮ ফেব্রুয়ারি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ইউনিট বা সিটিটিসি বেইলি রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সোহানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তিনটি হত্যা মামলা রয়েছে।

ওসি দাউদ হোসেন বলেন, ‘শ্রমিক লীগ নেতা সোহানকে হত্যা মামলায় গ্রেপ্তারের পর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) আমাদের কাছে হস্তান্তর করে। পরের দিন তাকে আদালতে তোলা হয় এবং সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তাকে তিন দিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার অথবা শনিবার তাকে আমাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করব।’

জানা গেছে, আছাদুজ্জামান ও তার পরিবারের হাজার কোটি টাকার অবৈধ সম্পদ নিয়ে দুদক তদন্ত করছে। ইতোমধ্যে তাদের পরিবারের ১০ সদস্যের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য সংগ্রহ করা হয়েছে।

অভিযোগে রয়েছে, হারিচুর রহমান সোহান তার বোনজামাই কারাবন্দি সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ক্যাশিয়ার ছিলেন। আছাদুজ্জামান মিয়া ও তার শ্যালক হারিচুর রহমান নামে-বেনামে হাজার-হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন। সোহানের নামে ঢাকায় পরিবহন ব্যবসা রয়েছে। মধুমতি ও মৌমিতা পরিবহনের পরিচালক তিনি। এ ছাড়া সোহান নিজেকে পিওর গোল্ড লিমিটেডের ভাইস চেয়ারম্যান দাবি করেন। এসব ব্যবসায় আছাদুজ্জামানই বিনিয়োগকারী বলে জানা গেছে।

এ ছাড়া শ্রমিক লীগের এই নেতার নামে রাজধানীর অভিজাত বেইলি রোড, শাহজাহানপুরে ফ্ল্যাট রয়েছে। বনশ্রী ও আফতাবনগরে একাধিক প্লট রয়েছে। এর মধ্যে বনশ্রীর একটি প্লটে বাড়ির নির্মাণকাজও চলছে।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন