কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন : প্রধান উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ২১:১৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের আগে ন্যূনতম সংস্কারে সম্মত হয়, তাহলে জাতীয় নির্বাচন ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। তবে এক্ষেত্রে সমঝোতা না হলে নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন অলাভজনক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডম-এর সভাপতি রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম এবং নির্বাহী পরিচালক, সাবেক মার্কিন কূটনীতিক জন দানিলোভিচের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইলাম বলেন, জুলাই অভ্যুত্থান বাংলাদেশে বড় ধরনের সংস্কার ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ তৈরি করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার উদ্যোগকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
অধ্যাপক ইউনূস জানান, ছয়টি কমিশনের প্রস্তাবিত সংস্কার নিয়ে চলমান সংলাপ শেষ হলে রাজনৈতিক দলগুলো ‘জুলাই সনদে’ স্বাক্ষর করবে। তিনি বলেন, “জুলাই সনদ আমাদের পথ দেখাবে। অন্তর্বর্তীকালীন সরকার এর কিছু সুপারিশ বাস্তবায়ন করবে, আর বাকি অংশ রাজনৈতিক সরকার বাস্তবায়ন করবে।”
সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত জন দানিলোভিচ বলেন, বাংলাদেশ নিয়ে ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচারণা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
বৈঠকে বাংলাদেশ-মার্কিন সম্পর্ক, রোহিঙ্গা সংকট, শরণার্থীদের জন্য ক্রমহ্রাসমান সহায়তার প্রভাব, আগের স্বৈরাচারী সরকারের আমলে চুরি হওয়া কয়েক বিলিয়ন মার্কিন ডলার উদ্ধার এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়।
ডিআর/এমএইচএস

