বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন। আগামী ২৬ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে বিশেষ উড়োজাহাজে দেশটির উদ্দেশে রওনা দেবেন তিনি।
বৃহস্পতিবার (৬ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ড. ইউনূসের চীন সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রধান উপদেষ্টার সফরসূচি ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত নির্ধারিত হয়েছে। তিনি চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিতব্য বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) সম্মেলনে যোগ দেবেন। ২৮ মার্চ বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। সফর শেষে ২৯ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।
বোয়াও ফোরামের মহাসচিব ঝ্যাং জুন সম্প্রতি ড. ইউনূসকে এ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। পাশাপাশি দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তির অংশ হিসেবে চীন বাংলাদেশি প্রধান উপদেষ্টার সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ কারণেই তার জন্য চীন থেকে বিশেষ উড়োজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে তিনি চীনের উদ্দেশে যাত্রা করবেন। হাইনান থেকে বেইজিংয়ের দূরত্ব বিবেচনায় চীন বিশেষ উড়োজাহাজের ব্যবস্থাও করছে।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে ড. ইউনূসের চতুর্থ বিদেশ সফর। এর আগে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে (সেপ্টেম্বর, নিউইয়র্ক), কপ-২৯ সম্মেলনে (নভেম্বর, আজারবাইজান), ডি-৮ সম্মেলনে (ডিসেম্বর, মিসর) এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে (জানুয়ারি, দাভোস) অংশ নিয়েছিলেন।
এমএইচএস

