হিযবুত কর্মীকে পেটানোর পর গ্রেপ্তার শ্রমিককে ছাড়ালেন আসিফ মাহমুদ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১৭:৫২
পুলিশের সতর্কবার্তার পরও জুমার পর নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর মিছিল বের করে। এতে পুলিশ ও হিযবুত তাহরীরের কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, হিযবুত তাহরীরের এক কর্মীকে পুলিশ পেটাচ্ছে। তখন এক ব্যক্তি লাঠি নিয়ে ওই কর্মীকে পেটাচ্ছেন। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরে তাকে ছাড়িয়ে আনেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
ওই ব্যক্তির নাম আরমান। তিনি বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন।
আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘৫ আগস্টের পর এই জনতাই সকল সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতাপূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব ছিল। গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখা হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘আর যারা মুখোশ পড়ে নানারকম ষড়যন্ত্রে লিপ্ত তারাও সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যায় না, তারা সব বোঝে।’
আসিফ বলেন, ‘মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না। বায়তুল মোকাররমের সামনের দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরেও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে এরেস্ট করে ডিবিতে সোপর্দ করে। তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।’
- ডিআর/এমজে

