Logo

জাতীয়

ধর্ষণে জড়তিদের বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১১:৫৬

অ
ধর্ষণে জড়তিদের বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি : বাংলাদেশের খবর

সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (৭ মার্চ) মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে দেখতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে এসব কথা বলেন তিনি।

হাসপাতালে গিয়ে উপদেষ্টা শিশুটির চিকিৎসার খোঁজ-খবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৬ মার্চ ঘটনার দিন দুপুরে বিষয়টি জানতে পেরে উপদেষ্টা শিশুটির মাকে ফোন দিয়ে তার খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতের আশ্বাস দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে।

উপদেষ্টা আরও বলেন, আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছি। এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে, সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্নপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দিয়েছি।

এনএমএম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন