৩ দিনের রিমান্ডে বিপিপির চেয়ারম্যান বাবুল ও সাবেক সচিব মহিবুল
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১০:২২
ছবি : সংগৃহীত
যুবদলনেতা শামীম হত্যা মামলায় বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারী (৬০) এবং বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের (৬৪) তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রোববার (২৪ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাদের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, গত সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে বাবুলকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন (১৯ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে ৭দিনের রিমান্ড আবেদন করেন।
অন্যদিকে, বুধবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে মহিবুলকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই ফেরদৌস আলম তাকে ৫দিনের রিমান্ড আবেদন করেন।
প্রসঙ্গত, গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। ওই সমাবেশকে পণ্ড করার জন্য একইদিন আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। এসময় বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে নিহত হন যুবদল নেতা শামীম।
এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়।
জেইউ/এটিআর

