আছিয়ার ধর্ষণ মামলায় তারেক রহমানের উদ্যোগে আইনজীবী নিয়োগ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৫:৪৬
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার কায়সার কামাল | ছবি : সংগৃহীত
মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া ও তার পরিবারকে আইনি সহযোগিতা দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে আইনজীবী নিয়োগ করা হয়েছে।
রোববার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাগুরায় ধর্ষণের শিকার শিশু ও তার পরিবারের আইনি সহযোগিতায় মাগুরা কোর্টের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন, অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট মোহাম্মদ রুকুনুজ্জামান খান, অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, অ্যাডভোকেট এম এ রশিদ ও অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।
এর আগে, শনিবার (৮ মার্চ) দুপুরে শিশুটির পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, ‘আমি আমাদের নেতাকর্মীদের বলেছি আছিয়ার পাশে থাকার। তারা আছিয়ার পাশে থাকবে, যাতে আছিয়ার সঙ্গে যারা অন্যায় করেছে তারা যেন শাস্তি পায়।’
আছিয়ার পরিবারকে আশ্বস্ত করে তিনি আরও বলেন,‘আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আছিয়া যেন ন্যায় বিচার পায়। আছিয়ার এবং আপনাদের যা কিছু লাগবে আমাদের জানাবেন। আমি নয়নকে বলেছি, মাগুরায় যারা নেতৃবৃন্দ আছেন সবাই আছিয়ার পাশে থাকবেন। আপনাদের পাশে থাকবেন।’
এনএমএম/এটিআর

