Logo

জাতীয়

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১৭:৪৮

অ
সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি : সংগৃহীত

দুর্নীতির মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৩ কোম্পানির ১০২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ২৫০ টাকার শেয়ার ফ্রিজ (অবরুদ্ধ) ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯৫৭ বিঘা জমি ক্রোকের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত। এসব জমির মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা ধরা হয়েছে।

রোববার (৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মো. মাহফুজ ইকবাল এসব অস্থাবর-স্থাবর সম্পদ ফ্রিজ ও ক্রোকের আবেদন করেন। 

শেয়ার ফ্রিজের আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের ৭ সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে তার ও তার পরিবারের নামে যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর থেকে কোম্পানির শেয়ারের মালিকানার তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতিতে উদ্ভূত মুনাফা অবরুদ্ধ করা প্রয়োজন।

জমি ক্রোকের আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মালিকানাধীন স্থাবর সম্পত্তিগুলো অনার হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে যা করতে পারলে অত্র অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যাহত হবে।

উল্লেখ, স্থাবর সম্পত্তিসমূহ আদালত কর্তৃক ক্রোকের আদেশ প্রদান না করা হলে অভিযোগ নিষ্পত্তির পূর্বেই স্থাবর সম্পত্তিসমূহ অন্যত্র হস্তান্তর বা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। বিধায়, উল্লিখিত স্থাবর সম্পত্তিসমূহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ধারা ১৪ মোতাবেক ক্রোক করা একান্ত প্রয়োজন।

গত ৭ অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ১৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০ বাড়ি/ অ্যাপার্টমেন্ট/ জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে রয়েছে ৯টি।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের দুটি ব্যাংকের হিসাব ও বাংলাদেশের একটি ব্যাংকের হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

গত ৫ মার্চ তার ৩৯ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে তার ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার ৮৫ টাকা রয়েছে।

আওয়ামী লীগ সরকার পতনের পর সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের নামে থাকা সব ধরনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

২০১৩ উপনির্বাচনে চট্টগ্রাম-১২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৩ আসন থেকে আবার নির্বাচিত হন।

২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৩ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি ২০১৯ সালের ৭ জানুয়ারি ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৩ আসন থেকে আবার নির্বাচিত হন।

এএইচএস/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন