Logo

জাতীয়

ট্রাফিকে নিয়োগ পাবেন আইনশৃঙ্খলার অবসরপ্রাপ্ত ৫০০ জন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪০

অ
ট্রাফিকে নিয়োগ পাবেন আইনশৃঙ্খলার অবসরপ্রাপ্ত ৫০০ জন

ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে প্রায় ৫০০ জনকে এ কাজে নিযুক্ত করা হতে পারে। এ ক্ষেত্রে বয়সের সময়সীমা বেঁধে দেওয়া হবে। 

রোববার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪র্থ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। 

উপদেষ্টা বলেন, ডিএমপি এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে বর্তমানে ৭০০ শিক্ষার্থী কাজ করছেন। ঠিক তেমনিভাবে অবসরপ্রাপ্ত পুলিশ, সেনাবাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, বিজিবি, আনসারের মধ্যে যারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেছেন তাদের নিয়ে কমিউনিটি পুলিশিং করার চিন্তাভাবনা করা হচ্ছে। 

ব্যাটারিচালিত রিকশা বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষা

উচ্চ আদালতের নির্দেশনার ভিত্তিতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ বিষয়ে তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আদালতের নির্দেশনা পাওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা আশা করছি, আদালতের নির্দেশনা চলমান সমস্যার সমাধান করবে।

ভুয়া মামলার হয়রানি বন্ধে কমিটি গঠনের উদ্যোগ

ভুয়া ও মিথ্যা মামলায় হয়রানির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এই ধরনের মামলার শিকার হচ্ছেন, তাদের হয়রানি বন্ধে একটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। কমিটি তদন্ত করে নিরূপণ করবে কে দোষী এবং কেউ যাতে হয়রানির শিকার না হয় তাও নিশ্চিত করবে।

সভায় আলোচিত বিষয়

সভায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিশ্ব ইজতেমা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা, বিজয় দিবস উদযাপনে করণীয়, সড়কের অটোরিকশা বন্ধে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন এবং মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সভাপতিত্বতে সভায় অংশগ্রহণ করেন আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা।

এইচকে/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন