আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
হেফাজতের সমাবেশে গণহত্যা : হাসিনাসহ ৪৪ জন আসামি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০২:০২
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৪ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ওই সমাবেশে অংশ নিয়ে গুলিতে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী রেহান আহসানের মা ইফ্ফাত আরা রোববার (২৪ নভেম্বর) এই অভিযোগ দায়ের করেন।
এ মামলায় অন্য আসামিরা হলেন- তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর আওয়ামী লীগ নেতা শেখ ফজলে করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দীকি, মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, ড. আব্দুর রাজ্জাক, ড. হাসান মাহমুদ, মৃনাল কান্তি দাস, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খোন্দকার, এআইজি শহীদুল ইসলাম, ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, বিজিবির তৎকালীন প্রধান, র্যাবের ডিজি, র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের কমান্ডার তৎকালীন লে. কর্নেল জিয়াউল আহসান, তৎকালীন ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি, যুবলীগের সভাপতি ও সেক্রেটারিসহ ৪৪ জন।
প্রসঙ্গত, ১১ বছর আগে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে অবস্থান নিয়ে আলোচনায় এসেছিল হেফাজতে ইসলাম। ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগ ও নারী নীতির বিরোধিতা করাসহ ১৩ দফা দাবি তুলে কয়েকজন ব্লগারের বিরুদ্ধে হেফাজতে ইসলাম ওই কর্মসূচি দিয়েছিল। দিনভর নাটকীয়তার পর ওই রাতে শেষ পর্যন্ত পুলিশ-র্যাব ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে খালি করা হয়েছিল শাপলা চত্বর।
জেইউ/এমআই

