Logo

জাতীয়

ট্রান্সকম সিইওসহ ৬ কর্মকর্তাকে রিমান্ড আবেদনের শুনানি আজ

Icon

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৮

অ
ট্রান্সকম সিইওসহ ৬ কর্মকর্তাকে রিমান্ড আবেদনের শুনানি আজ

ছবি : সংগৃহীত

শেয়ার জালিয়াতি করে দখল ও ভুয়া পারিবারিক সেটেলমেন্ট দলিল তৈরির অভিযোগে করা পৃথক মামলায় দেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ ৬ কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে।

পৃথক দুইটি মামলায় বাদী ট্রান্সকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ্ হক পৃথক দুটি রিভিশন দাখিল করেছেন।

সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। বাদীর আইনজীবী আহসানুল করিম রোববার (২৪ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আসামির তালিকায় গ্রুপের নির্বাহী পরিচালক (করপোরেট অ্যাফেয়ার্স-আইন) মো. ফখরুজ্জামান ভুঁইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন, সহকারী কোম্পানি সচিব মোহাম্মদ মোসাদ্দেক ও ব্যবস্থাপক (কোম্পানি সেক্রেটারি) আবু ইউসূফ মো. সিদ্দিক রয়েছেন‌।

মামলার বাদীর আইনজীবী আহসানুল করিম বলেন, ‘আসামি সিমিন রহমান মামলার বাদী শেরযাহ হক ও তার ভাই আরশাদ ওলিউর রহমানের ভুয়া স্বাক্ষর দিয়ে শেয়ার ট্রান্সফারের দলিল তৈরি করে আরজেএসসিতে দাখিল করেন।’

বাদীর আইনজীবী বলেন, ‘গত ২৯ মে আসামিদের জামিন বাতিল করে পৃথক দুই মামলার একটিতে ৭ দিন ও আরেকটিতে ১০ দিন রিমান্ড চেয়ে ঢাকার সিএমএম আদালতে পৃথকভাবে আবেদন করা হয়। সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। ওই খারিজ আদেশের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আলাদাভাবে রিভিশন আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের জামিন বাতিল করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাওয়া হয়েছে।’

প্রসঙ্গত, চলতি বছরের  ফেব্রুয়ারিতে  রাজধানীর গুলশান থানায় মামলা দুটি দায়ের করে লতিফুর রহমানের ছোট মেয়ে।  কয়েক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। একে একে তারা জামিন পান।  বিদেশ পলাতক থাকা সিমিন রহমান দেশে এসে আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

জেইউ/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন