Logo

জাতীয়

৫৩ বছরেও আমরা শহরগুলো ঠিক করতে পারিনি : উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৭:১৮

অ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, `৫৩ বছরেও শহরগুলোর নাগরিক ব্যবস্থা আমরা ঠিক করতে পারিনি। যদি ক্যান্টনমেন্টের ভেতরে হর্ন ছাড়া গাড়ি চালানো যায়, যেখানে সেখানে ময়লা না ফেলে থাকা যায়, তাহলে বাকি শহরগুলোকে কেন আমরা সাজাতে পারলাম না?’

তিনি বলেন, ‘আসলে আমরা কখনো সাজাতে চাইনি। কিছু বললেই আমরা লাখ-কোটি টাকার প্রকল্প নিয়ে আসি, যেন প্রকল্প ছাড়া জীবনের কোনো সমস্যার সমাধান হবে না।’ 

সোমবার (২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ‘প্ল্যানিং উইক-২০২৪’ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘প্রজেক্ট ছাড়া সরকারি অফিসগুলো এখন আর কাজ করতে চায় না। আমরা যদি হাতি রক্ষার কথা বলি, সেখানেও একটা প্রজেক্ট লাগবে! যদি হনুমানের খাবারের ব্যবস্থার কথা বলি, সেখানেও প্রজেক্ট লাগবে। সংস্থাগুলো তাদের রুটিন এক্টিভিটিজ করে না। তার জন্যই আসলে এই অবস্থা। রুটিন এক্টিভিটিজ করলেই ইমপ্লিমেন্ট ও এনফোর্সমেন্ট হতো।’ 

তিনি আরও বলেন, ‘আমরা ভূমিদস্যু বলে চিল্লাতে দেখেছি। কিন্তু কোনো ভূমিদস্যু শাস্তি পেতে দেখিনি। রাজউক আশুলিয়ায় একটা লেকসিটি করার প্ল্যান করছে। এখন রাজউক যদি প্ল্যান করে, ওখানে ৩০ শতাংশ ভরাট করে প্লট দেবে, এটা শুনলেই স্থানীয় দখলদাররা ভূমি সংরক্ষণ করে ফেলবে, ভরাট শুরু হয়ে যাবে।’ 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘রাজউক যুক্তি দেবে, এটা তো ভরাট হয়েই যাচ্ছে। আমি বলব, আপনি দেখান, ভরাটের বিরুদ্ধে আপনি কী পদক্ষেপ নিয়েছেন? এই তিনমাসেই তো ড্রাইভ (অভিযান) করা হয়নি। আপনারা ড্রাইভ শুরু করেন এবং মানুষকে বোঝান, তোমার জমি হলেও তুমি সেটা ভরাট করতে পারবে না। বরং তোমাকে ওয়াটার রিক্রিয়েশন একটা পার্ক করে দিচ্ছি। সেখানে তুমি সেখান থেকে আয় কর এবং তোমার চাষাবাদ কর।’

এই উপদেষ্টা বলেন, ‘অন্য মানুষ ভরাট করছে, তার চেয়ে আমিই ভরাট করি, এটা তো কোনো যুক্তি হতে পারে না। এ প্রকল্প কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রীর কাছেও উপস্থাপন করেছিলেন। চেয়ারম্যান মহোদয়, এই প্রকল্প বাতিল করে দেখান, জলাশয় আইনের প্রতি আপনাদের ন্যূনতম একটা শ্রদ্ধা আছে।’

এমএস/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন