ইসকন নেতা চিন্ময় কৃষ্ণকে তুলে নেওয়ার অভিযোগ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৪
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী
সনাতন ধর্মাবলম্বীদের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি সদস্যরা তাকে তুলে নেন বলে জানিয়েছেন হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুমন কুমার রায়।
বাংলাদেশের খবরকে তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তাকে অন্যায়ভাবে তুলে নেওয়া হলে বিশ্বব্যাপী কর্মসূচি দেওয়া হবে বলেও জানান এই নেতা।
প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে বক্তব্য দেন। এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত ২৫ অক্টোবর বিকালে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের বেশি আলোচনায় আসেন।
সবশেষ, গত ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। রাষ্ট্রদ্রোহ আইনে দায়েরকৃত এই মামলায় দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
এনকেবি/ডিআর/ এটিআর

