Logo

জাতীয়

৩ ছাত্র নিহতের গুজব, নেপথ্যে মোল্লা কলেজের এমডি

তদন্তে নামছে পুলিশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১২:১৬

অ
৩ ছাত্র নিহতের গুজব, নেপথ্যে মোল্লা কলেজের এমডি

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করছেন শিক্ষার্থীরা |ছবি : সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত কলেজ শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনে বিরাজমান অস্থিরতার মধ্যেই সোমবার (২৫নভেম্বর) দুপুরে যাত্রাবাড়ীর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে সংঘর্ষে ৩ ছাত্র নিহতের ভুয়া তথ্য ছড়িয়ে পড়ে। 

খোদ মোল্লা কলেজ কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ গুজব প্রচার করে। এবার বিষয়টি নজরে এসেছে পুলিশের।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি।

তিনি জানান, গত ১৬ নভেম্বর ডেমরার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত ১৮ নভেম্বর সোমবার তার মৃত্যু হয়। সেই দিন রাতে তার পরিবার ও কলেজের কিছু শিক্ষার্থী ভুল চিকিৎসায় অভিজিতের মৃত্যু হয়েছে অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান। ২০ নভেম্বর আবারও মাহবুবুর রহমান মোল্লা কলেজের ৫০০/৬০০ শিক্ষার্থী ওই হাসপাতালে এসে ভাঙচুর চালান। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এ সময় প্রতিবাদকারীদের চাপে হাসপাতালের পরিচালক ৪ জন ডাক্তার ও দুজন শিক্ষার্থীসহ অভিজিতের চিকিৎসা সংক্রান্ত একটি তদন্ত কমিটি গঠন করেন। কিন্তু ওই সময় হাসপাতাল চত্বরে অবস্থানরত মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। সন্ধ্যার পর স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে আসেন। এ সময় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা তা না মানায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে শহীদ সোহরাওয়ার্দী কলেজের দুই ছাত্র আহত হন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তালেবুর রহমান জানান, গতকাল ২৪ নভেম্বর আনুমানিক দুপুর ২টার দিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে পুনরায় ভাঙচুর চালায়। এক পর্যায়ে তারা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

এ ঘটনাকে কেন্দ্র করে আজ (২৫ নভেম্বর) শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের প্রায় ১২ থেকে ১৫ হাজার শিক্ষার্থী জমায়েত হয়ে আনুমানিক সকাল ১১টার সময় ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। আগে থেকে পুলিশ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের সামনে অবস্থান করে। কিন্তু উচ্ছৃঙ্খল ও মারমুখী শিক্ষার্থীরা পুলিশের বাধা প্রতিহত করে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে অগ্রসর হয়। পরে যাত্রাবাড়ী মোড়ে পুলিশ পুনরায় বাধা প্রদান করলেও তারা বাধা অতিক্রম করে ওই কলেজে পৌঁছে ব্যাপক ভাঙচুর-লুটপাট চালায়।

ডিএমপির মুখপাত্র বলেন, ৩৫টি বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের সমন্বয়ে ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ (ইউসিবি) নামে একটি ফোরাম গঠিত হয়। অপরপক্ষে রাজধানীর ঢাকা কলেজ, ইডেন কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি কবি নজরুল কলেজ মিলে সাত কলেজের ছাত্র-ছাত্রীদের একটি জোট রয়েছে। গত কয়েকদিন ধরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎয়ের মৃত্যুকে কেন্দ্র করে ৩৫ কলেজের ফোরাম ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরস্পরের প্রতি ঘৃণার মনোভাব সৃষ্টি হয়।

এ পরিস্থিতি মোকাবিলার জন্য আজ সকাল ৭টা থেকে সূত্রাপুর ও ডেমরা এলাকায় পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়। মোতায়েন করা পুলিশ সদস্যরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু উচ্ছৃঙ্খল ও মারমুখী শিক্ষার্থীরা পুলিশের বাধা অতিক্রম করে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে অগ্রসর হয়ে ওই কলেজে হামলা চালায়। পুলিশ যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকে। পরিস্থিতি ভিন্ন খাতে চলে যাওয়ার আশঙ্কায় পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তা সত্ত্বেও উত্তেজিত শিক্ষার্থীরা ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হামলা ও লুটতরাজে জড়িয়ে পড়ে।

ডিএমপির মুখপাত্র আরও বলেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের জেরে প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লিখিত ঘটনায় ৩জন নিহত হয়েছেন মর্মে অনেকেই অপপ্রচার চালাচ্ছেন, যা মোটেই সঠিক নয়। সংশ্লিষ্ট সবাইকে এরূপ অপপ্রচার থেকে বিরত থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।

এর আগে সোমবার দুপুরে ‘ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে নৃশংস হামলা ও লুটপাট : ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা’ শিরোনামে কলেজটির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ সামীরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গভীর শোক ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, আজ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে এক নৃশংস হামলা চালানো হয়েছে। এ হামলায় ৩জন শিক্ষার্থী নির্মমভাবে প্রাণ হারায় এবং শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর, যাদের মধ্যে কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

মোল্লা কলেজের এই প্রেস বিজ্ঞপ্তি মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। 

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা বাংলাদেশের খবরকে বলেন, কলেজ কর্তৃপক্ষ কেন ৩ শিক্ষার্থীর মৃত্যুর তথ্য দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠাল, তা খতিয়ে দেখা হচ্ছে। 

ঘটনাস্থল এলাকার দায়িত্বপ্রাপ্ত ডিএমপির ওয়ারী বিভাগসূত্র জানায়, ‘কলেজ কর্তৃপক্ষ মৃত্যুর গুজব ছড়ানোয় পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারতো। এমন দায়িত্বহীন আচরণ তারা কেন করলেন, তা তদন্ত করতে ডিএমপি সদর দপ্তরের অনুমতির অপেক্ষা করা হচ্ছে।’

বিষয়টি ঊর্ধ্বতন পর্যায়ে অবহিত করেছেন ওয়ারি জোনের ডিসি।

আরআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন