Logo

জাতীয়

ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ১৩:৪১

অ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে  চট্রগ্রাম যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

এর আগে, সোমবার বিকেলে হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট সুমন কুমার রায় অভিযোগ তুলে বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে ডিবি পরিচয়ে ধরে নেওয়া হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তাকে অন্যায়ভাবে তুলে নেওয়া হলে বিশ্বব্যাপী কর্মসূচি দেওয়া হবে বলেও জানান এই নেতা।

এরপর সন্ধ্যার দিকে ডিএমপি থেকে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করলে প্রতিবাদে নামেন সনাতনী জাগরণ মঞ্চের নেতারা। ‍ডিএমপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে কৃষ্ণ দাসকে ছেড়ে দেওয়ার জন্য ২ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণ করবেন বলেও হুঁশিয়ারা উচ্চারণ করেন এই নেতারা।

প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর নামে কয়েক দফা সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশে নানা ধরনের হুমকি-ধমকি দিয়ে বক্তব্য দেন। এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত ২৫ অক্টোবর বিকালে চট্টগ্রাম নগরের লালদীঘি মাঠে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের বেশি আলোচনায় আসেন।

সবশেষ, গত ৩০ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। রাষ্ট্রদ্রোহ আইনে দায়েরকৃত এই  মামলায় দুজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ডিআর/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন