ছবি : বাংলাদেশের খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ অকথ্য ভাষায় গালাগাল ও নির্যাতন করেছেন বলে অভিযোগ তুলে বিচার চাইলেন তার মা শামসুন্নাহার তাসলিম।
সোমবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সামনে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তিনি।
শামসুন্নাহার তাসলিম বলেন, ‘তুরিন আমাকে নিজ বাড়ি থেকে বের করে দিয়েছে। পালিয়ে থাকতে হচ্ছে। পৌনে এক বছর যাবৎ আমি উত্তরার বাসা থেকে বের হয়েছি। গ্রামের বাড়ি নীলফামারীতেও আমার বাবার জায়গা দখলের চেষ্টা করেছে। আমি মানবাধিকার বঞ্চিত হচ্ছি। বিচার চাই।’
তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকাবস্থায় তুরিন ক্ষমতার অপব্যবহার করে পুলিশ দিয়ে বিভিন্নভাবে হয়রানি করেছে। সে আমাকে জামায়াতের রোকন বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন মন্তব্য লিখেই যাচ্ছে।’
পুলিশের কাছে কোনো অভিযোগ করেছেন কি না- এমন প্রশ্নের জবাবে শামসুন্নাহার বলেন, ‘আমি জিডি করতে থানায় গেছি। ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে পুলিশ আমাকে ফেরত দিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এতদিন আমি কারও কাছে বিচার চাইতে পারিনি। এখন বিচার চাই।’
মেয়ের কাছে নিগৃহীত হয়ে নিজ বাড়িতে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছিলেন বলেও জানান শামসুন্নাহার।
জেইউ/এটিআর

