Logo

জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ৬২০২ মামলা প্রত্যাহারের সুপারিশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৭:৪০

অ
রাজনৈতিক হয়রানিমূলক ৬২০২ মামলা প্রত্যাহারের সুপারিশ

রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক হয়রানিমূলক ৬ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি। 

রোববার (১৬ মার্চ) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বাংলাদেশের খবরকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কেন্দ্রীয় কমিটি মাঠ পর্যায়ের কমিটি ৬ হাজার ২৯৫টি মামলা পরীক্ষা-নিরীক্ষা করে এবং এ যাবৎ ৬ হাজার ২০২টি মামলা রাজনৈতিক হয়রানিমূলক বিবেচিত হওয়ায় প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

তিনি জানান, মাঠ পর্যায় থেকে প্রাপ্ত প্রস্তাবসমূহ বিবেচনায় ইতোমধ্যে কেন্দ্রীয় কমিটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে ৮টি সভা অনুষ্ঠিত হয়। ৮টি সভায় কেন্দ্রীয় কমিটির নিকট ৬ হাজার ২৯৫টি মামলা প্রত্যাহারের প্রস্তাব উপস্থাপিত হয়।

প্রসঙ্গত বিগত সরকারের ১৬ বছরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মন্ত্রণালয় পর্যায়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি করে কেন্দ্রীয় কমিটি ও মাঠ পর্যায়ে যাচাই বাছাইয়ের নিমিত্ত জেলা ম্যাজিস্ট্রেটদেরকে সভাপতি করে ২টি কমিটি গঠন করা হয়। এর একটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সদস্য রেখে সাত সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি এবং দ্বিতীয়টি জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি করে পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটরদের সদস্য রেখে চার সদস্য বিশিষ্ট জেলা পর্যায়ে কমিটি।

মাঠ পর্যায়ের কমিটির যাচাই বাছাইয়ের শেষে জেলা ম্যাজিস্ট্রেট এবং আইন ও বিচার বিভাগের সলিসিটরের কার্যালয় কেন্দ্রীয় কমিটির কাছে মামলা প্রত্যাহারের প্রস্তাব দেয়।

ফয়সল হাসান বলেন, নিরপরাধ ব্যক্তি ও রাজনৈতিক নেতা কর্মীদের অনর্থক হয়রানি থেকে পরিত্রাণ দেওয়ার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গৃহীত এই কার্যক্রম চলমান থাকবে।

এনএমএম/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন