Logo

জাতীয়

সমস্যা মিটে গেছে, মেট্রোরেল চলছে : এমডি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১১:৪৪

অ
সমস্যা মিটে গেছে, মেট্রোরেল চলছে : এমডি

রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ। 

সোমবার (১৭ মার্চ) বেলা পৌনে ১১টায় তিনি গণমাধ্যমকে বলেন, ‘কর্মচারীদের কর্মবিরতি আর নেই। এখন মেট্রোরেল চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না।’

এমআরটি পুলিশ সদস্যের হাতে ডিএমটিসিএলের চার কর্মী মৌখিকভাবে ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে (আজ) সকাল থেকে কর্মবিরতি পালন শুরু করেন মেট্রোরেল কর্মীরা। এ কারণে সকাল থেকে মেট্রোরেল চলাচলে নানা জটিলতা সৃষ্টি হয়। বিশেষ করে যাত্রীদের ভাড়া আদায় করার ব্যবস্থা কোথাও কোথাও অকার্যকর হয়ে পড়ে।

এ ঘটনার পর ডিএমটিসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমস্যার সমাধানে বিভিন্ন স্টেশনে যান। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানিয়েছেন এমডি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘আমি প্রতিটি স্টেশন ঘুরেছি। সমস্যা তো ছিল। কিন্তু এখন সমস্যা মিটে গেছে। আসলে ট্রেন চলাচলে তো সমস্যা হয়নি একেবারেই। কর্মচারীদের কিছু সমস্যা ছিল। এখন পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হয়ে গেছে।’

আজ সকালে ডিএমটিসিএলের জনসংযোগের দায়িত্বপ্রাপ্ত মো. জাহিদুল ইসলাম বলেন, ‘কর্মীদের ধর্মঘটের কারণে মেট্রোরেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। চলাচল স্বাভাবিক আছে। তবে কোথাও কোথাও কোথাও রাজস্ব আয়ে সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষ স্টেশনে স্টেশনে কর্মীদের সঙ্গে আলোচনা করছে।’

এমডি ফারুক আহমেদ বলেন, ‘আমি মোটামুটি সব স্টেশন দেখেছি। কোথাও কোনো সমস্যা নেই।’

ফারুক আহমেদ জানিয়েছেন, ‘সোমবার বেলা তিনটার দিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্টেশনে আসবেন।’

ডিআর/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন