পুলিশ বাহিনীকে সতর্ক থাকতে বললেন প্রধান উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১৪:৩৩
আইনশৃঙ্খলা পরিস্থিতির চলমান অবস্থান নিয়ে পুলিশের ১২৭ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পুলিশ বাহিনীকে সতর্ক থাকার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন যতই ঘনিয়ে আসবে ষড়যন্ত্র ততই তীব্র হবে উল্লেখ করে তিনি বলেন, `বাংলাদেশ একটি বিশাল সম্ভাবনাময় দেশ এবং এটি বাস্তবায়ন করতে আমাদের আরও সতর্ক ও কার্যকরী হতে হবে। ‘
পুলিশ বাহিনীকে সম্মুখ সারির শক্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে অবহেলা করে একটি সুষ্ঠু দেশ গড়া সম্ভব নয়।
তিনি বলেন, আইন সঠিকভাবে প্রয়োগ করা এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব।
তিনি আরও বলেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র এবং নাগরিক অধিকার কিছুই থাকবে না। নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অতীতে পুলিশ খারাপ মানুষের প্রভাবে ছিল, তবে এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
আরও পড়ুন : ১২৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
সভায় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম।
- এনএমএম/এমজে

