Logo

জাতীয়

চিন্ময়কে চট্টগ্রামে পাঠাল ডিবি, দুপুরে সিদ্ধান্ত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৬:০১

অ
চিন্ময়কে চট্টগ্রামে পাঠাল ডিবি, দুপুরে সিদ্ধান্ত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ‘চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। তিনি বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হেফাজতে রয়েছেন। সেখানে তার বিরুদ্ধে মামলা রয়েছে।’ 

পুলিশ সূত্রে জানা যায়, চিন্ময়কে বর্তমানে সিএমপি কোতোয়ালি থানায় রাখা হয়েছে। চট্টগ্রামে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হবে। 

এদিকে তার মুক্তির বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকার ভারতীয় হাই কমিশন। বিষয়টিতে নজর রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট দূতাবাসের গণযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা বাংলাদেশের খবরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, `ভারতের কেন্দ্রীয় ইসকন নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষয়টি অবহিত করে হস্তক্ষেপ চেয়েছেন। এরপর ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিন্ময়ের মুক্তির বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ গ্রহণসহ সার্বিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এ আলোচনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ নয়াদিল্লীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।’

ভারতীয় হাই কমিশনের ওই কর্মকর্তা আরও বলেন, ‘আজ চিন্ময়কে আদালতে তোলা হবে। তার আইনজীবীসহ আইনি লড়াইয়ের ব্যবস্থাপনাও দূতাবাস দেখভাল করছে। এছাড়া বিষয়টির ওপর কড়া নজর রাখা হচ্ছে।’

মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে চিন্ময়ের মুক্তি দাবি করে চিঠি দেওয়ার প্রস্তুতি চালানো হচ্ছে এবং আদালতেও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলেও জানান ওই কর্মকর্তা।

এদিকে সোমবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক বার্তায় ভারতের কেন্দ্রীয় ইসকনের পক্ষ থেকে চিন্ময়ের মুক্তি চাওয়া হয়। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চিন্ময়ের মুক্তির ব্যবস্থা করতে পদক্ষেপ নিতে বলা হয়।   

বার্তায় বলা হয়, ইসকন বিশ্বের কোথাও কোনো সন্ত্রাসবাদে জড়িত নয়। বাংলাদেশ সরকার চিন্ময়কে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। ইসকনরা বিশ্বের কোথাও কোনো অশান্তি বা সন্ত্রাসবাদে জড়িত নয়। তারা কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। 

এর আগে, সোমবার দুপুরে ঢাকা বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)। 

জানা গেছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর আসেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিআর/এসবি/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন