Logo

জাতীয়

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ০৭:০৩

অ
চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (৩৮) জামিন নামঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামের নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের মামলায় আদালত এ আদেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। 

এর আগে সোমবার (২৫ নভেম্বর) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। 

তিনি বলেন, ‘পুলিশের একটি অনুরোধের প্রেক্ষিতে তাকে ডিবি গ্রেপ্তার করেছে। যারা আবেদন করেছে, তাদের কাছে তাকে হস্তান্তর করা হবে।’ 

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয়। মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন, রাজেশ চৌধুরী ও হৃদয় দাশ। 

মামলার আসামিরা হলেন, পুণ্ডরীক ধাম মন্দিরের অধ্যক্ষ চন্দন কুমার ধর প্রকাশ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, চট্টগ্রামের হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক অজয় দত্ত (৩৪), নগরীর প্রবর্তক ইসকন মন্দিরের অধ্যক্ষ লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ টিপু (৩৮), ডা. কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে ববি (৩৮), তুষার চক্রবর্তী রাজীব (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮) এবং হৃদয় দাস (২৫)। একই মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। 

এদিকে তার মুক্তির বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে যাচ্ছে ঢাকার ভারতীয় হাই কমিশন। বিষয়টিতে নজর রাখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট দূতাবাসের গণযোগাযোগ বিভাগের একজন কর্মকর্তা বাংলাদেশের খবরকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, `ভারতের কেন্দ্রীয় ইসকন নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষয়টি অবহিত করে হস্তক্ষেপ চেয়েছেন। এরপর ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিন্ময়ের মুক্তির বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ গ্রহণসহ সার্বিক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এ আলোচনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ নয়াদিল্লীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন।’

ভারতীয় হাই কমিশনের ওই কর্মকর্তা আরও বলেন, ‘আজ চিন্ময়কে আদালতে তোলা হবে। তার আইনজীবীসহ আইনি লড়াইয়ের ব্যবস্থাপনাও দূতাবাস দেখভাল করছে। এছাড়া বিষয়টির ওপর কড়া নজর রাখা হচ্ছে।’

মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে চিন্ময়ের মুক্তি দাবি করে চিঠি দেওয়ার প্রস্তুতি চালানো হচ্ছে এবং আদালতেও ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলেও জানান ওই কর্মকর্তা।

এদিকে সোমবার (২৫ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক বার্তায় ভারতের কেন্দ্রীয় ইসকনের পক্ষ থেকে চিন্ময়ের মুক্তি চাওয়া হয়। একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চিন্ময়ের মুক্তির ব্যবস্থা করতে পদক্ষেপ নিতে বলা হয়।   

বার্তায় বলা হয়, ইসকন বিশ্বের কোথাও কোনো সন্ত্রাসবাদে জড়িত নয়। বাংলাদেশ সরকার চিন্ময়কে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। ইসকনরা বিশ্বের কোথাও কোনো অশান্তি বা সন্ত্রাসবাদে জড়িত নয়। তারা কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। 

ডিআর/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন