খুলনা বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
আগামী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ০৯:৩০
ছবি : সংগৃহীত
আগামী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বুধবার (১৯ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে মার্চ মাসে বাংলাদেশের বিভিন্ন বিভাগ ও জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
শনিবার (১৫ মার্চ) তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ পূর্বাভাস দেন। তিনি জানান, আগামী ২০ থেকে ২৩ শে মার্চ খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
তিনি আরও জানান, ২৮ থেকে ৩১ শে মার্চ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট ও ঢাকা বিভাগের জেলাসমূহের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এসআইবি/এটিআর

