Logo

জাতীয়

রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৪:০৩

অ
রাজধানীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ছবি : সংগৃহীত

দিনের শুরু থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা। আবহাওয়া অধিদপ্তরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। এরইমধ্যে বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।

এদিকে আগামী ২৩ মার্চ পর্যন্ত রাজধানীসহ দেশের বেশিভাগ অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ মার্চ) আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। তবে শুক্রবার সাত বিভাগে বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর বিভাগেও আকাশ মেঘলা এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আগামী রোববার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা কমতে পারে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এনএমএম/এটিআর


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন