Logo

জাতীয়

কমিশনের সংলাপ

৪২ সংস্কার প্রস্তাবে এলডিপিরি দ্বিমত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১৭:৩৩

অ
৪২ সংস্কার প্রস্তাবে এলডিপিরি দ্বিমত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের প্রথম দিন আজ বৃহস্পতিবার (২০ মার্চ)। প্রথম দিনের সংলাপে অংশ নেয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সংলাপে সংস্কার ইস্যুতে নিজেদের মতামত ও অবস্থান তুলে ধরে দলটি। তার মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার কমিশনের পাঠানো ১৬৬টি প্রশ্নমালার স্প্রেডশিটের মধ্যে ১২০টির সঙ্গে ঐকমত্য পোষণ করলেও বাকি ৪২টির সঙ্গে একমত নয় এলডিপি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এলডিপির সংলাপ হয়।

সংলাপ শেষে দলটির চেয়ারম্যান অলি আহমেদ জানান, দুটো প্রস্তাবের সঙ্গে আংশিকভাবে একমত। দুটি প্রস্তাবের বিষয়ে তারা এখনো স্পষ্ট নয়। তবে কোন কোন প্রস্তাবের সঙ্গে এলডিপি একমত বা একমত নয়, তা খোলাসা করেননি তিনি।  

কমিশনের সহসভাপতি আলী রীয়াজ, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন সংলাপে। এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।

এদিকে, অলি আহমেদ নেতৃত্বে এলডিপির ৮ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন, মহাসচিব রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, কে কিউ সাকলায়েন, ওমর ফারুক, উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান ও যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অলি আহমেদ বলেন, সংবিধান সংস্কার সংক্রান্ত ৭০টি প্রস্তাবের মধ্যে ৫১টিতে এলডিপি একমত, ১৬টিতে একমত নয়, ১টিতে আংশিকভাবে একমত এবং দুটো প্রস্তাব অস্পষ্ট মনে করি আমরা। বিচার বিভাগ সংস্কারের ২৩টি প্রস্তাবের মধ্যে ২২টির বিষয়ে এলডিপি একমত, একটির সঙ্গে আংশিকভাবে একমত। দুর্নীতি দমন কমিশন সংস্কারের ২০টি প্রস্তাবের সবগুলোর সঙ্গেই একমত এলডিপি। 

তিনি আরও বলেন, জনপ্রশাসন সংস্কারের ২৬টি প্রস্তাবের মধ্যে ১১টিতে এলডিপি একমত, ১৫টিতে একমত নয়। নির্বাচন ব্যবস্থা সংস্কারের ২৭ প্রস্তাবের মধ্যে ১৬টিতে একমত এবং ১১টিতে একমত নয়।

অলি আহমেদ বলেন, সবগুলো সুপারিশের মধ্যে নির্বাচন কমিশন সংস্কারের সুপারিশ দুর্বল ছিল। তারা অতীতের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সংলাপ করেছিল তার কাগজ সংগ্রহ করা উচিত ছিল।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে দুই ধরনের সরকারি কর্মকর্তার ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘আপনি যত কিছুই করেন না কেন, নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে, একজন ওসি, আরেকজন হল ইউএনও। এলডিপির মতামতের কাগজ কাউকে না দিতেও অনুরোধ করেন অলি আহমেদ। জবাবে আলী রীয়াজ বলেন, আমরা কাউকে দেব না।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গত ১৫ ফেব্রুয়ারি কাজ শুরু করে।

২০২৪ সালের জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানের পর মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করেন। এরই মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কারের জন্যে গঠিত ছয় কমিশন তাদের সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছে।

প্রতিবেদনে আসা গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর ১৩ মার্চের মধ্যে মতামত জানাতে ৩৮টি দলকে অনুরোধ জানিয়েছিল ঐকমত্য কমিশন। সেসব সুপারিশ ও মতামত নিয়ে আলোচনা করে এখন ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবে কমিশন। যেসব বিষয়ে ঐকমত্য হবে, তার ভিত্তিতে সংস্কার শুরুর মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের দিকে এগোবে বাংলাদেশ।

এনএমএম/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন