Logo

জাতীয়

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে গ্যারেজে গ্যারেজে অভিযান শুরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৩:১৩

অ
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে গ্যারেজে গ্যারেজে অভিযান শুরু

ঈদুল ফিতর উপলক্ষে সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথ অভিযান শুরু করেছে। এই অভিযানের মূল লক্ষ্য হলো লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় চলাচল রোধ করা।

শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টায় গাবতলী বাস টার্মিনাল থেকে আমিনবাজার ও বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠানে অভিযান শুরু হয়। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের প্রথম পর্যায়ে গাবতলী বেড়িবাঁধ এলাকার মাওয়াহীদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পরিদর্শন করা হয়। এ সময় মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রাহাত গাওহারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ‘ঈদুল ফিতরে ঢাকা থেকে বিপুলসংখ্যক মানুষ বাড়ি যাবে এবং ঈদ শেষে আবার ঢাকায় ফিরে আসবে। এই যাত্রাকে নিরাপদ করতে ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর গাড়ি যাতে রাস্তায় না নামে, সেজন্য গ্যারেজ ও ওয়ার্কশপগুলোতে সচেতনতামূলক অভিযান চালানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল করলে যানজট সৃষ্টি হয় এবং মানুষের জীবন ঝুঁকিতে পড়ে। এ ধরনের গাড়ি যাতে রাস্তায় না নামে, সেজন্য আমরা ওয়ার্কশপগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং সংশ্লিষ্টদের সতর্ক করছি।’

ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল করলে সড়ক পরিবহন আইনে জেল ও জরিমানা উভয় শাস্তির বিধান রয়েছে বলে জানান তিনি। এ ছাড়াও অভিযানে গাড়িগুলোর ফিটনেস সনদ ও মেয়াদ পরীক্ষা করা হয়।

বিআরটিএর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ মার্চ পর্যন্ত দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৬ লাখ ১১ হাজার ১৪১টি। এর মধ্যে ২০ হাজার ৮৬৮টি বাস, ১১ হাজার ১৮৫টি মিনিবাস, ৫৭ হাজার ৪১টি ট্রাক, ৭৩ হাজার সাতটি প্রাইভেটকার, ৩০ হাজার ৫৩৮টি মাইক্রোবাস, ৭২ হাজার ১৫৯টি পিকআপ ভ্যান, ৩৯ হাজার ৫৯১টি ট্রাক্টর, ১৪ হাজার ৩৮০টি হিউম্যান হলার, ৩ হাজার ৮১১টি অ্যাম্বুলেন্স এবং ২ লাখ ৫ হাজার ৬৪৭টি অটোরিকশা রয়েছে।

দেশে বর্তমানে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ৬২ লাখের বেশি, যার মধ্যে প্রায় ৪৬ লাখ মোটরসাইকেল রয়েছে।

  • এনএমএম/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন