সবার কথা শোনা হবে, সংলাপের মাধ্যমে ঐকমত্যে পৌঁছাব : আলী রীয়াজ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১৬:০৩
জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রীয়াজ। ছবি : সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রীয়াজ বলেছেন, সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে দ্রুত সংলাপের মাধ্যমে জাতীয় ঐকমত্য গঠন করা সম্ভব। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের মতামত শোনা হবে এবং তা আলোচনা করে ঐকমত্যে পৌঁছানো সম্ভব।
শনিবার (২২ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে খেলাফত মজলিসের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, তবে অনেকেই একই মতামত পোষণ করেন। সবার মতামত শোনা হবে, আমি আশাবাদী যে, সংলাপের মাধ্যমে আমরা একটি জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারব।’
আলী রীয়াজ উল্লেখ করেন, খেলাফত মজলিসের মতো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে অংশগ্রহণ করেছে এবং তাদের আন্তরিক মতামতের ভিত্তিতে আলোচনা চালিয়ে যাবে কমিশন। তিনি জানান, এই প্রক্রিয়ায় শুধু একটি দলের মতামত শোনা হবে না, অন্যান্য রাজনৈতিক দলগুলোও অন্তর্ভুক্ত থাকবে।
জাতীয় ঐকমত্য কমিশন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে। এর অংশ হিসেবে, কমিশন বৃহস্পতিবার প্রথম সংলাপটি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সম্পন্ন করেছে।
এছাড়া, কমিশন সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং দুদক সংস্কার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণ করছে। ১৩ মার্চের মধ্যে সংশ্লিষ্ট সুপারিশের ওপর সুনির্দিষ্ট মতামত চেয়ে ৩৮টি রাজনৈতিক দলকে স্প্রেডশিট আকারে সুপারিশের কপি পাঠানো হয়েছে।
ডিআর/এমএইচএস

