Logo

জাতীয়

রাষ্ট্রদূত হলেন সদ্য সাবেক আইজিপি ময়নুল ইসলাম

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ০৩:০৫

অ
রাষ্ট্রদূত হলেন সদ্য সাবেক আইজিপি ময়নুল ইসলাম

ছবি : সংগৃহীত

পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত করা হয়েছে। তার চাকরি প্রেষণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুলিশের সাবেক আইজিপি মো. ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত হিসেবে তার চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

এর আগে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ময়নুল ইসলামকে আইজিপি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। একই দিনে আইজিপির নিয়োগ পান পুলিশের সাবেক কর্মকর্তা বাহারুল আলম। পরদিন বৃহস্পতিবার সকালে নতুন আইজিপি তার দায়িত্ব নেন। এরপর গুঞ্জন ছিল ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত করা হবে। 

একইদিন ডিএমপির কমিশনার মাইনুল হাসানকেও সরিয়ে সাবেক পুলিশ কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলীকে কমিশনার করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে এই দুই পুলিশ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।

ডিআর/এসবি

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন