লাথি মেরে বিড়াল হত্যা : আসামির গ্রেপ্তারি পরোয়ানা
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১৭:১৩
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা মনসুরের পোষা বিড়াল হত্যা মামলায় আসামি আকবর হোসেন শিবলুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রোববার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি. এম. ফারহান ইসতিয়াকের আদালত এ আদেশ দেন।
মামলায় মোহাম্মদপুর থানা পুলিশের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার বাদী পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি নাফিসা নওরীন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি একই আদালতে নাফিসা নওরীন চৌধুরী বাদী হয়ে এ মামলার আবেদন করেন। ওইদিন আদালত অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের ৯ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে ফুটবলের মতো লাথি মারছেন। লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরেও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন।
জেএন/এমআই

