জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিকেএসপিতে একটি ম্যাচ খেলার সময় তামিমের হার্ট অ্যাটাক হওয়ার পর প্রধান উপদেষ্টা তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানতে চান।
প্রধান উপদেষ্টার পক্ষে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সাথে কথা বলেন। নিজাম উদ্দিন চৌধুরী জানান, হার্ট অ্যাটাকের পর তামিমকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা জানতে এনজিওগ্রাম করা হয়েছে।
নিজাম উদ্দিন আরও বলেন, বিসিবি তামিমের চিকিৎসকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তিনি প্রধান উপদেষ্টাকে তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত আপডেট দেওয়ারও আশ্বাস দেন।
উল্লেখ্য, তামিম ইকবাল খান বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তার এই আকস্মিক অসুস্থতা ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
- ডিআর/এমজে

