ঈদযাত্রা নিরাপদ করতে মালিক সমিতির ১০ সুপারিশ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৬:৩১
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথ সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম।
সোমবার (২৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথভাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, ঈদে কোনো বাস কাউন্টার বা সংশ্লিষ্ট কেউ ঈদ বকশিশ বা অন্য যেকোনো নামে টাকা আদায় করলে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থাও নেয়া হবে।
সাইফুল আলম বলেন, আওয়ামী সরকারের আমলের কিছু স্বার্থান্বেষী মহল পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে। এখনও তারা গোপনে গোপনে এসব কাজ করছে। যারা এ চেষ্টা করবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের তাদের প্রতিহত করবে।
ঢাকাস্থ টার্মিনালগুলোতে যাত্রীদের যাত্রাপথে সার্বিক সহযোগিতায় এবং নিম্নোক্ত বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের কাছে আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে থেকে সুপারিশ করা হয়
১। ঈদের ৫ দিন আগে থেকে ঈদের ১ সপ্তাহ পর পর্যন্ত ঢাকাস্থ সকল বাস টার্মিনাল এবং আশেপাশের এলাকায় পুলিশের টহল জোরদার করতে হবে।
২। ঢাকার চার পাশের চিহ্নিত স্থান সমূহ যেমন- চন্দ্রা, বাইপাল, গাজীপুর বাইপাস, সাইন বোর্ড, শনির আখড়া, কেরানীগঞ্জ, ভুলতা, গাউসিয়া, মদনপুর, সাভার, নবীনগর, হেমায়েতপুর এলাকায় স্থানীয় ও হাইওয়ে পুলিশের মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে যানজটমুক্ত রাখতে হবে।
৩। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মার্চ থেকে ঈদ পর্যন্ত এবং ঈদের পরের ৩ দিন পণ্যবাহী পরিবহন বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।
৪। সড়ক ও মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধসহ সড়ক পথে যে কোন নামে চাঁদাবাজি বন্ধ করার লক্ষ্যে সারা দেশের থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের বিশেষ টহলের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫। ঈদ যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ রাখার লক্ষ্যে যাত্রীদের যাত্রাপথে সহযোগিতার জন্য ঢাকাস্থ সকল টার্মিনালে একটি ‘হেল্প ডেস্ক’ থাকবে। যাদের কাজ হবে যাত্রীদের তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তি ও যাতায়াতে সার্বিক সহযোগিতা প্রদান করা। এই “হেল্প ডেস্ক” ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও সংশ্লিষ্ট টার্মিনালের মালিক-শ্রমিকদের সহযোগিতায় সার্বক্ষণিক তদারকিতে নিয়োজিত থাকবেন। যাত্রীদের যে কোনো প্রয়োজনে এই হেল্প ডেস্ক সেবা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।
৬। স্ব-স্ব কোম্পানি/ কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে টানাইয়া রাখতে হবে। এর ব্যত্যয় ঘটলে বা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে যাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭। কোনো অবস্থাতেই ফিটনেসবিহীন গাড়ি, লক্কড়-ঝক্কড় গাড়ি রাস্তায় যাত্রী বহন করতে পারবে না। এই বিষয়ে সকল মালিক শ্রমিককে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনকেও ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
৮। সিটিতে চলাচলরত গাড়ি দূরপাল্লায় যাত্রী নিয়ে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
৯। লাইসেন্সবিহীন/ অপেশাদার চালক কোনো যাত্রীবাহী বাস না চালানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
১০। কোনো অবস্থাতেই ঈদ বকশিশ বা অন্য যেকোনো নামে যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত অর্থ চাওয়া যাবে না বলে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে ঈদ যাত্রা নির্বিঘ্ন, নিরাপদ, যাত্রী হয়রানিমুক্ত, টিকেট কালোবাজারী বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও সড়ক পথে চাঁদাবাজি বন্ধের লক্ষ্যে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
এনএমএম/এমএইচএস

