স্বাস্থ্য মহাপরিচালক
তামিম ইকবালকে হাসপাতাল থেকে স্থানান্তর ঝুঁকিপূর্ণ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১৫:৪৮
শারীরিক অবস্থার উন্নতি হলেও তামিম ইকবালকে হাসপাতাল থেকে স্থানান্তর ঝুঁকিপূর্ণ। তাকে আরও ৭২ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্ববধানে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর। মঙ্গলবার (২৫ মার্চ) সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে তামিম ইকবালের স্বাস্থ্যগত খোঁজখবর নিতে গিয়ে স্বাস্থ্য মহাপরিচালক এসব কথা বলেন।
ডা. আবু জাফর বলেন, তামিম ইকবালের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। তামিম কথা বলছেন এবং খাওয়া-দাওয়া করছেন। হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে।
তিনি বলেন, তামিম ইকবাল আগামী তিন মাস তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ সময় তিনি বাসায় অবস্থান করে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন।
খেলাধুলায় কবে ফিরতে পারবেন এই বিষয়ে স্বাস্থ্য মহাপরিচালক জানান, তামিম ইকবালের আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার পর বিষয়টি জানানো যাবে।
উল্লেখ্য, সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে।
- এসআইবি/এমজে

