সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ-শ্যামল দত্তের ব্যাংক হিসাব ফ্রিজ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১০:০৯
কালো টাকা সাদা করার প্রমাণ পাওয়ায় সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ এবং তার পরিবারের ছয় কোটি টাকার এফডিআর ফ্রিজ করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ)। এ ছাড়া সাংবাদিক শ্যামল দত্ত এবং তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) রাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। এনবিআর সূত্র জানিয়েছে, সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ, তার স্ত্রী আক্তারি বেগম ও ছেলে ইশতিয়াক আজাদের নামে চারটি ফ্ল্যাট রয়েছে। এগুলোর মূল্য ৫ কোটি ৭৬ লাখ টাকা। তারা করফাইলে দেখিয়েছেন ২ কোটি ৩ লাখ টাকা। এসব ফ্ল্যাটের কর পরিশোধ করেছেন আয়কর আইনের কালো টাকা সাদা করার ধারার সুযোগ নিয়ে।
এ ছাড়া আক্তারি বেগম ২০২০-২০২১ করবর্ষে কালো টাকা সাদা করার ধারার সুযোগ নিয়ে আরও ৪ কোটি টাকা ঘোষণা দিয়েছেন, অর্থাৎ কর ফাইলে প্রদর্শন করেছেন।
তাদের তিনজনের নামে ছয় কোটি টাকার এফডিআরও পাওয়া গেছে। এফডিআরের এ টাকা ফ্রিজ করেছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ)।
এদিকে সাংবাদিক শ্যামল দত্ত ও তার স্ত্রী সঞ্চিতা দত্তের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে। তাদের নিজস্ব এবং মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের (প্রোপাইটরশীপ-সাদিয়া ট্রাভেলস ও অন্যান্য) নামে এফডিআর হিসাব ও স্থায়ী আমানত হিসাব থেকে অর্থ উত্তোলন বা স্থানান্তর স্থগিত করা হয়েছে। তাদের আমানতের স্থিতির তথ্য তিন কার্য দিবসের মধ্যে পাঠাতে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়েছে আয়কর গোয়েন্দা।
এনবিআর সূত্রে জানা গেছে, শ্যামল দত্ত তার বেতনের অর্থও আয়কর নথিতে প্রদর্শন করতেন না।
এএইচএস/এটিআর

