Logo

জাতীয়

রেলে এক টাকা আয় করতে আড়াই টাকা খরচ : উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১২:১৪

অ
রেলে এক টাকা আয় করতে আড়াই টাকা খরচ : উপদেষ্টা

রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রেলওয়ে একটি লোকসানের প্রতিষ্ঠান। আর দুর্নীতি ও অপচয়ই এর বড় কারণ। এখানে এক টাকা আয় করার জন্য আড়াই টাকার মতো খরচ হয়। 

তিনি বলেন, তবে দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয়, সেজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি।

বুধবার (২৬ মার্চ) ঢাকা রেলওয়ে স্টেশনে ঢাকা-ভৈরববাজার-ঢাকা রুটের নতুন এক জোড়া কমিউটার ট্রেন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এর আগে সকাল ৯টা ৫ মিনিটের নতুন ট্রেনটি ভৈরববাজার থেকে এসে তিন নম্বর প্লাটফর্মে থামে। এ সময় ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেলপথ উপদেষ্টা। যাত্রীদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি।

ফাওজুল কবির বলেন, অন্তর্বর্তী সরকার ঢাকা ও বড় শহরের বাইরের শহরগুলোর দিকে নজর দিয়েছে। শহরের বাইরের মানুষের যে প্রয়োজন, সেগুলো বুঝে মেটানোর চেষ্টা করছি।

উপদেষ্টা আরও বলেন, বিনা টিকিটে অনেকে রেলে সেবা নিয়ে থাকে। রেল সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। এরপরেও কিছু কিছু এলাকার যাত্রীরা আছেন যারা ভাড়া দেন না। এভাবে চলতে থাকলে রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবে। আপনার যদি দেখেন কেউ ভাড়া দিচ্ছে না, তাহলে তাকে আমাদের নজরে আনবেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন