ভওয়েলের ঢাকা সফর, ‘টাইগার লাইটনিং’-সহ যেসব বিষয়ে আলোচনা
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৭:২৩
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সামরিক সম্পর্ক উন্নয়নে ঢাকায় দুই দিনের সফর সম্পন্ন করেছেন মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি. ভওয়েল। ২৪-২৫ মার্চের এ সফরে তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
সফরের আলোচ্য বিষয় ছিল, আগামী গ্রীষ্মে অনুষ্ঠেয় বাংলাদেশ-মার্কিন যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৫’-এর প্রস্তুতি, শান্তিরক্ষা মিশনে দক্ষতা বৃদ্ধি ও আন্তঃবাহিনী কার্যক্ষমতা উন্নয়ন, মার্কিন উৎপাদিত সামরিক সরঞ্জাম সংগ্রহে সহায়তা, আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ ও সমাধানের উপায়।
মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘এ সফর উভয় দেশের প্রতিরক্ষা অংশীদারিত্বকে শক্তিশালী করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
গুরুত্বপূর্ণ বৈঠকসমূহ
১. সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ :
- বাংলাদেশের নিরাপত্তা চ্যালেঞ্জ ও মার্কিন সহায়তার সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিতকরণ
- সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়ার পরিধি বৃদ্ধি
২. সামরিক মহড়া পরিকল্পনা :
- 'টাইগার লাইটনিং' মহড়ার মাধ্যমে শান্তিরক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ানো
- উভয় বাহিনীর যৌথ কার্যক্রমের দক্ষতা উন্নয়ন
৩. সামরিক সরঞ্জাম সহযোগিতা :
- মার্কিন প্রযুক্তিভিত্তিক অস্ত্র ও যানবাহন সংগ্রহ প্রক্রিয়া ত্বরান্বিতকরণ
লেফটেন্যান্ট জেনারেল ভওয়েল বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শান্তিরক্ষা মিশনে অবদানের বিশেষ প্রশংসা করেন। তার মতে, ‘এ অঞ্চলের স্থিতিশীলতায় বাংলাদেশের ভূমিকা অনস্বীকার্য।’
এমজে

