পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট অনলাইনে বিক্রি শুরু হয়েছে। যারা আগামী ৬ এপ্রিল ঈদপরবর্তী যাত্রা করবেন তারা আজ (বৃহস্পতিবার) অগ্রিম টিকিট কিনতে পারবেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে ৬ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় আর পূর্বাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট দুপুর ২টা থেকে পাওয়া যাবে।
এর আগে গত রোববার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।
বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না।
উল্লেখ্য, সোমবার (২৪ মার্চ) শুরু হয়েছে ঈদপরবর্তী যাত্রার অগ্রিম টিকিট বিক্রি।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরের আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৫ মার্চ এবং ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৬ মার্চ। এছাড়া ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ; ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ।
ডিআর/ওএফ

