আইনজীবী হত্যার বিচার চাইল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১২:০১
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
বুধবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের আদেশদান পরবর্তী তার ভক্ত ও অনুসারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম জেলা জজ আদালতের অদূরে রঙ্গম সিনেমা হলের কাছাকাছি স্থানে দুষ্কৃতকারীদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম খুন হন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ভাগ্যজনক এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এর সাথে জড়িতদের যথাযথ তদন্তের মাধ্যমে গ্রেপ্তারপূর্বক যথাযথ শাস্তি নিশ্চিতের জন্যে সরকারের কাছে জোর দাবি জানাই। এ ঘটনায় নিরাপরাধ কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হয়, সে ব্যাপারেও সচেতন ভূমিকা পালনের জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছি।
পরিষদ নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানায়।
বিজ্ঞপ্তিতে পরিষদ একই সাথে ২৫ নভেম্বর চিন্ময়কে আটকের প্রতিবাদে শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দুষ্কৃতকারীদের অতর্কিত হামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য রমেন্দ্র নাথ রায়ের মাথায় গুরুতর জখমের ঘটনারও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
পরিষদ তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে।
পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান পরিস্থিতিকে অধিকতর অস্থিতিশীল করার লক্ষ্যে বিশেষ মহল সাম্প্রদায়িক উসকানি প্রদানের পাশাপাশি সম্প্রীতি বিনষ্টের অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। এদের চিহ্নিত করে যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার, প্রশাসন ও শান্তিপ্রিয় ধর্মপ্রাণ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
ডিআর/এমজে

