ফাঁকা ঢাকায় ষড়যন্ত্রের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১৩:৪৯
দেশের মানুষ এবার স্বস্তিতে ও নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারছেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ‘ফাঁকা ঢাকায় কোনো ষড়যন্ত্রের হুমকি নেই। যদি কোনো ষড়যন্ত্রের হুমকি থাকে, জনগণকে সাথে নিয়ে আমরা মোকাবিলা করব।’
শনিবার (২৯ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জনগণ সাথে থাকলে এবং মোকাবিলা করলে কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না।’
উপদেষ্টা বলেন, ‘সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে জনগণ এবার স্বস্তিতে ঈদযাত্রা করতে পারছে। সরকারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে জনগণ নির্বিঘ্নে ও ভালোভাবে ঈদযাত্রা করতে পারে এবং ঈদ শেষে নিরাপদে ঢাকায় ফিরে আসতে পারে।’
তিনি বলেন, ‘রাজধানীর নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা নিশ্চিতকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সবাই ছুটি ভোগ করছে। কিন্তু পুলিশ, সশস্ত্র বাহিনী, বিজিবি, আনসার, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস-এর সদস্যরা কিন্তু ছুটিতে যাচ্ছে না।‘
তিনি আরও বলেন, ‘রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা যেন সুসংহত থাকে- সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে। এ জন্য তারা ধন্যবাদ প্রাপ্য। রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’
পরিদর্শনকালে উপদেষ্টা রাজধানীর বাস টার্মিনালসমূহ, প্রবেশ ও বহির্গমন পয়েন্টসমূহ যানজটমুক্ত রাখতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেন। তাছাড়া তিনি নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।
এনএমএম/এমজে

