Logo

জাতীয়

চাঁদ দেখা গেছে, রাত পোহালেই ঈদ

Icon

বাংলাদেশের ‍প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১৮:৫৫

অ
চাঁদ দেখা গেছে,  রাত পোহালেই ঈদ

বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যার পর পরই কক্সবাজার, নীলফামারীসহ দেশের বিভিন্ন জেলা থেকে চাঁদ দেখার সংবাদ ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতি বিভাগে জানিয়ে দেওয়া হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, আজ সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এখান (কক্সবাজার) থেকে চাঁদ দেখা গেছে। আমরা চাঁদ দেখার সংবাদ ইসলামিক ফাউন্ডেশনকে জানিয়ে দিয়েছি।

পরে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন চাঁদ দেখার সংবাদ ও ঈদ উদযাপনের দিন ঘোষণা করেন।

এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান ২৯ দিনেই শেষ হল। হিজরি রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করে থাকেন।

সভায় উপদেষ্টা জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার চাঁদপুর, সাতক্ষীরা, মাদারীপুর, সুনামগঞ্জ, পিরোজপুর, শরীয়তপুর, গাইবান্ধা, জামালপুর, পটুয়াখালী, ফরিদপুর, শেরপুরসহ দেশের কয়েকটি জেলার বিভিন্ন গ্রামে ঈদ পালন করা হচ্ছে।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। তাই রাজধানী ইতোমধ্যে ফাঁকা হয়ে গেছে।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে বরাবরের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার দোয়া কামনা করেছেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, পবিত্র ঈদুল ফিতরে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদের পরিবার-পরিজনকে নিয়ে নির্বিঘ্নে আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। আত্মীয়-স্বজনদের কবর জিয়ারত করবেন। গরিব পরিবারের খোঁজখবর নেবেন। তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন। আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন। এই কামনা করছি।

প্রধান উপদেষ্টা বলেন, ঈদের জামাতে দলমত নির্বিশেষ সবাই যেন পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদুঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকি, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন, এই আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

ডিআর/ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন